চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ১২৩ দশমিক ৫ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা মদের আনুমানিক অবৈধ বাজারমূল্য ১১ লাখ ২৩ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় মাদক মামলায় তিনজনসহ বিভিন্ন মামলায় মোট ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৬টা থেকে ডবলমুরিং থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে উদ্ধার করা চোলাই মদের বাজারমূল্য প্রতি লিটার ১ হাজার টাকা হিসাবে মোট ১১ লাখ ২৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অভিযানে মাদক মামলায় তিনজন, পূর্বের মামলায় দুইজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুইজন এবং মহানগর অধ্যাদেশ আইনে ২০ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে গ্রেপ্তার করা হয়েছে ২৭ জনকে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেনের সার্বিক দিকনির্দেশনায় এবং ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেনের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ ফয়সাল।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযানে এসআই মহসীন উদ্দিন রুবেল, এসআই মোবিনুল ইসলাম, এসআই আখতারুজ্জামান সোহাগ, এসআই রিদুয়ানুল হক, এসআই তারেকুল ইসলাম এবং এএসআই হিরু মিয়াসহ ডবলমুরিং মডেল থানার একাধিক সদস্য অংশ নেন।