শহিদুল ইসলাম

​পার্বত্য জেলা বান্দরবানের থানচিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই পর্যটক। আলীকদম-তিন্দু সংযোগ সড়কে পর্যটকবাহী একটি যান নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।

​সোমবার (৫ অক্টোবর) বিকাল ৫ টায় থানচির আলীকদম-তিন্দু সংযোগ সড়কের ‘আগোয়া পাড়া’ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​প্রাথমিকভাবে জানা গেছে, আহত ও নিহত পর্যটকদের সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

​স্থানীয় সূত্র ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, সোমবার বিকেলে আলীকদম হয়ে একটি নোহা গাড়িতে করে পর্যটকদের দলটি তিন্দুর উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে আগোয়া পাড়া এলাকায় পৌঁছালে গাড়িটি চালকের নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই পর্যটকের মৃত্যু হয় এবং গাড়িতে থাকা অন্য ৫ যাত্রী মারাত্মক আহত হন।

​দুর্ঘটনার খবর পেয়ে বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। দুর্ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বলিপাড়া বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত জানান, তিন্দু সড়কে একটি নোহা গাড়ি উল্টে খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন এবং অন্তত ৫ জন আহত হয়েছেন। বিজিবি ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ