চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে উপ-নির্বাচনের ভোটকেন্দ্র আগামী ১ এপ্রিলের মধ্যে নির্ধারণের জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।   সোমবার (৬ মার্চ) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত নির্দেশনা রিটার্নিং কর্মকর্তাকে পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে- গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৮ অনুচ্ছেদের (১) দফা অনুসারে রিটার্নিং অফিসারকে সংসদ নির্বাচনে প্রত্যেক নির্বাচনী এলাকার জন্য ভোটকেন্দ্রের স্থান এবং ভোটারগণ যে যে ভোটকেন্দ্রে ভোটদান করবেন, সেসব স্থানের নাম উল্লেখপূর্বক ভোটকেন্দ্রের তিন প্রস্থ তালিকা (সফট কপিসহ) ১ এপ্রিলের মধ্যে বিশেষ দূত মারফত নির্বাচন কমিশনে দাখিল করতে হবে। এক্ষেত্রে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল শূন্য আসনের উপ-নির্বাচনেও ওই সব ভোটকেন্দ্র বহাল রাখতে হবে। তবে কোনো ভোটকেন্দ্র কোনো প্রার্থীর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবাধীন হলে তা কমিশনকে অবহিত করতে হবে। এছাড়াও উল্লিখিত নির্বাচনী এলাকার অধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের নাম নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে হবে। অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রসমূহে অভিজ্ঞ প্রিজাইডিং অফিসার নিয়োগের ব্যবস্থা নিতে হবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ। মনোনয়ন বাছাই ২৯ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহার ৫ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৬ এপ্রিল। আর ভোটগ্রহণ ২৭ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ ভোটে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ মৃত্যুবরণ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। পরবর্তীতে আসনশূন্য ঘোষণার গেজেট ইসিতে এলে নির্বাচনের দিনক্ষণ ঠিক করে কমিশন।

এ আসনটি এর আগেও একবার শূন্য হয়েছে ২০১৯ সালে। মহাজোটের শরিক হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নেতা মইন উদ্দিন খান বাদল ২০১৮ সালের সংসদ নির্বাচিত হন। কিন্তু তিনি ২০১৯ সালের ৭ নভেম্বর মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ২০২০ সালের ১৩ জানুয়ারির উপ-নির্বাচনে জয়ী হয়ে সংসদে এসেছিলেন মোছলেম উদ্দিন আহমদ।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ