রানা সাত্তার
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় চাঞ্চল্যকর মো. হাসান ওরফে রাজু হত্যা এবং কিশোরী রেশমি আক্তারকে গুরুতর আহত করার ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ।
৭ মে ২০২৬ তারিখ রাতে রৌফাবাদ এলাকায় সংঘটিত এই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ধারাবাহিকভাবে ১১মে ও ১২ মে দুইদিন ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মূল শুটারসহ মোট ছয়জন আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন সৈয়দুল করিম, সিএনজি চালক মো. আব্দুল মান্নান, মো. ইউনুছ মিয়া, মো. আয়াতুল্লাহ আলী আদনান, মো. আবু বক্কর ছিদ্দিক ওরফে খোকন এবং আজগর আলী।
পুলিশি অভিযানে মূল আসামি সৈয়দুল করিমকে কক্সবাজারের সুগন্ধা সি-বিচ এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। তদন্তে জানা যায় যে, সিএনজি চালক আব্দুল মান্নানের মাধ্যমে আসামিরা ঘটনাস্থলে যাতায়াত করেছিল। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও দস্যুতা, মারামারি ও হত্যা প্রচেষ্টার একাধিক মামলা রয়েছে।
বর্তমানে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং আরও অস্ত্র উদ্ধারে তাদের বিশেষ অভিযান অব্যাহত রেখেছে



