সেন্টমার্টিনের জেটি ঘাট সংলগ্ন এলাকায় ২৫ এপ্রিল ২০২৬ তারিখ শনিবার সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ১টি সন্দেহজনক সার্ভিস বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।
অপরদিকে, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চাইনিজ ঘাট সংলগ্ন এলাকায় ২৬ এপ্রিল ২০২৬ তারিখ রবিবার ভোর ৪টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ৮৮ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের ২১৫ বোতল বিদেশি মদ (হুইস্কি) জব্দ করা হয়।
রবিবার ২৬ এপ্রিল ২০২৬ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
জব্দকৃত গাঁজা, বিদেশি মদ ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


