২০৩০ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনাল ম্যাচটি মরক্কোর কাসাব্লাঙ্কায় অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজা। বৃহস্পতিবার স্প্যানিশ বার্তা সংস্থা ইএফইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
তবে ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখন পর্যন্ত ফাইনাল ভেন্যু নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। টুর্নামেন্টের অন্যতম স্বাগতিক স্পেন ও মরক্কোর মধ্যে মেগা ফাইনালটি আয়োজনের লড়াই জমে উঠেছে।
মরক্কো ফাইনালে স্বাগতিক হতে কাসাব্লাঙ্কা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে বেনসলিমান অঞ্চলে বিশাল এক স্পোর্টস প্রজেক্ট হাতে নিয়েছে। সেখানে ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন বিশ্বমানের ‘হাসান দ্বিতীয় স্টেডিয়াম’ নির্মিত হচ্ছে, যা প্রস্তুত করতে বিশাল অঙ্কের বাজেট নির্ধারণ করা হয়েছে। নির্মাণ শেষ হলে এটি বিশ্ব ফুটবলের অন্যতম বৃহত্তম স্টেডিয়াম হতে যাচ্ছে।
উল্লেখ্য, ২০৩০ সালের ফিফা বিশ্বকাপটি ফুটবল ইতিহাসে এক ব্যতিক্রমী ও ঐতিহাসিক আসর হতে যাচ্ছে। প্রথমবারের মতো বিশ্বের ৩টি মহাদেশের ৬টি দেশে ছড়িয়ে-ছিটিয়ে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো। টুর্নামেন্টের শতবর্ষ উদযাপনে উদ্বোধনী প্রথম তিনটি ম্যাচ আয়োজন করবে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়ে। এরপর টুর্নামেন্টের মূল অংশের বাকি খেলাগুলো যৌথভাবে আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন।



