মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী এরশাদ নগর এলাকায় তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পারভেজ মাসুদ (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে টঙ্গী থানা পুলিশ।

১১ সেপ্টেম্বর সোমবার ভোরে এরশাদনগর এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে (১১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক মাসুদ সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক। সে টঙ্গীর এরশাদ নগর এলাকার দাদন মিয়ার ছেলে বলে গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ জানান। তিনি জানান, পারভেজের বিরুদ্ধে শিগগিরই দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

টঙ্গী থানার এসআই মাহমুদ জানান, রবিবার সন্ধ্যায় এরশাদ নগর এলাকায় এ ঘটনা ঘটে। স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতেই মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মেয়েটির বাবা বলেন, রবিবার সন্ধ্যার মাসুদ তার মেয়েকে বাড়ি থেকে ডেকে নিয়ে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের পর বাড়ি থেকে বের করে দেয় সে।

পরে এলাকাবাসী তার মেয়েকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। মেয়ে তাদের কাছে ঘটনার বর্ণনা দিলে তারা টঙ্গী থানায় খবর দেন বলে জানান তিনি।

এসআই মাহমুদ বলেন, মেয়েটিকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়।

পরে অভিযান চালিয়ে এরশাদ নগর এলাকা থেকে মাসুদকে তারা আটক করে বলে জানান তিনি।

টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার জানান, এরশাদনগর এলাকার তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাসুদকে এরশাদনগর এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয়েছে।

এ ঘটনায় টঙ্গী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ