চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ধুমপাড়া এলাকায় মোবাইল চার্জে থাকা অবস্থায় ভয়াবহ অগ্নিদুর্ঘটনার শিকার হয়ে ইকবাল হোসেন নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ২৫ জুন (বৃহস্পতিবার) রাতে নিজ ঘরে এই লোমহর্ষক দুর্ঘটনাটি ঘটে। দগ্ধ ইকবালকে মুমূর্ষু অবস্থায় প্রথমে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।
ইকবাল হোসেন কে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে দীর্ঘ তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে রোববার (২৮ জুন, ২০২৬) বিকেল ৫:০০ টায় চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ইকবালের এই অকাল ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তাঁর পরিবার এবং পুরো ধুমপাড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এই দুর্ঘটনার পর সচেতন মহল থেকে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে চরম সতর্কবার্তা দেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে চার্জে বসিয়ে মোবাইলে গেম খেলা, কথা বলা, ইন্টারনেট ব্রাউজ করা কিংবা রাতে ঘুমানোর সময় মাথার পাশে বা বিছানায় মোবাইল চার্জে রেখে ঘুমিয়ে পড়ার মতো মারাত্মক প্রবণতা সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আর এসব অসচেতনতামূলক অভ্যাসের কারণেই ইদানীং ব্যাটারি অতিরিক্ত উত্তপ্ত (ওভারহিট) হয়ে বিস্ফোরণ ও শর্ট সার্কিটের মতো প্রচুর প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে।



