ফাঁসি কার্যকরের পর নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষনেতা ‘মুফতি’ আব্দুল হান্নান মুন্সীকে দাফন করা হবে তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে। এরই মধ্যে কবর খোঁড়ার কাজ শেষ করে রেখেছেন তার স্বজনেরা। ‘মুফতি’ হান্নানের পারিবারিক সূত্র জানায়, তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরন গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।

আব্দুল হান্নান মুন্সীর ছোট ভাই মতিয়ার মুন্সী জানান, ফাঁসি কার্যকরের পর তার মরদেহ হিরণ গ্রামে নিয়ে আসবেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেখানে নামাজে জানাজা পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ইতোমধ্যে হান্নান মুন্সীর জন্য কবর খোঁড়ার কাজও শেষ হয়েছে।

এদিকে, নেতা মুফতি আবদুল হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুলের ফাঁসি কার্যকরে কাশিমপুর কারাগারে প্রস্তুতি শুরু হয়েছে। ফাঁসি কার্যকরের জন্য ইতিমধ্যে মহড়া সম্পন্ন হয়েছে। ফাঁসি কার্যকরের প্রস্তুতি হিসেবে একের পর এক কারাগারে ঢুকেছেন ফাঁসি সংশ্লিষ্ট কর্মকর্তারা। অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল কবির আজ বুধবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কারাগারের ভেতরে প্রবেশ করেন। পরে কারা মহাপরির্দক বিগ্রেডিয়ার সৈয়দ ইফতেখার উদ্দিন সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে কারাগারে প্রবেশ করেন। এর আগে সাড়ে ৭টায় ঢোকেন পুলিশ সুপার হারুন অর রশীদ। সন্ধ্যা  ৭টা ৩৩ মিনিটে ঢোকেন সিভিল সার্জন সৈয়দ মঞ্জুরুল হক।  গাজীপুর কাশিমপুর কারাগারে ঢুকেছে তিনটি অ্যাম্বুলেন্সও।

নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষনেতা মুফতি আব্দুল হান্নানের ফাঁসি কার্যকরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।  তিনি বলেন, মুফতি হান্নানের ফাঁসি যে কোনো সময় কার্যকর করা হবে, প্রস্তুতি চলছে। সচিবালয়ে বুধবার সাংবাদিকদেরকে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে মুফতি হান্নান ও তার দুই সহযোগী বিপুল ও রিপনের ফাঁসি কার্যকরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ।

কারাসূত্র জানায়, ফাঁসি কার্যকর করার জন্য জল্লাদ বাছাই করা হয়েছে। তারা হলেন প্রধান জল্লাদ রাজু ও তার দুই সহযোগী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি শরিফুল ইসলাম ও ইকবাল হোসেন। কাশিমপুর কারা কমপ্লেক্সের ইমাম মাওলানা মো. হেলাল উদ্দিনকে আসামিদের তওবা পড়ানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে।

কারাসূত্র জানায়, দুপুরে মুফতি হান্নান ও বিপুলের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেছেন কারা চিকিৎসক মো. মিজানুর রহমান। তারা সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। সন্ধ্যার পর আরেক দফা স্বাস্থ্য পরীক্ষা করবেন।

আজ বুধবার রাতেই মুফতি হান্নান ও বিপুলের ফাঁসি কার্যকর হচ্ছে এমনটা নিশ্চিত করেছেন পুলিশের একটি সূত্র। তবে জেলা প্রশাসন বা কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের কিছু বলছেন না।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ