সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি-সংক্রান্ত বিরোধের জেরে একটি পরিবারের সদস্যদের ওপর হামলা, মারধর, বসতঘর ভাঙচুর এবং স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ফারজানা আক্তার রুমি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে ফারজানা আক্তার রুমি জানান, তিনি উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর (মৌলভী পাড়া) এলাকার বাসিন্দা। তাঁদের প্রতিবেশী মো. আবছার (২৮) ও তাঁর বাবা মো. ইউনুস (৫০)-এর সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছে। তাঁর অভিযোগ, ওই বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ তাঁদের বসতভিটা জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে।
তিনি অভিযোগ করেন, গত ৭ নভেম্বর ২০২৬ সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে আবছার ও ইউনুসের নেতৃত্বে একদল লোক তাঁদের বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্র, চাপাতি, রামদা, ছুরি, চাইনিজ কুড়াল ও লাঠিসোঁটা নিয়ে পরিবারের সদস্যদের মারধর করা হয়। হামলায় তাঁর বাবা আলাউদ্দিন (৪৬), মা নাসিমা আক্তার, দাদি হালিমা খাতুন (৬৫), ছোট ভাই আরমান হোসেন রোহানসহ পরিবারের অন্য সদস্যরা আহত হন বলে তিনি দাবি করেন।
ফারজানার দাবি, হামলাকারীরা তাঁদের বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে যায়। এতে পরিবারের সদস্যরা গুরুতর আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় পড়েন। আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাঁর বাবা তিন দিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার উন্নতি না হওয়ায় পুনরায় হাসপাতালে ভর্তি হন।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর প্রতিপক্ষ তাঁদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছে। এমনকি আহত পরিবারের সদস্যরা চিকিৎসা নিতে হাসপাতালে গেলে প্রতিপক্ষের কয়েকজন নারী মাথায় লাল রং লাগিয়ে আঘাতের নাটক সাজানোর চেষ্টা করেন বলে তিনি দাবি করেন। পরে পুলিশ বিষয়টি বুঝতে পেরে তাঁদের আটক করে। এ ছাড়া তাঁর ছোট ভাইকে ফেনী থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ফারজানা আক্তার রুমি বলেন, প্রতিপক্ষের দায়ের করা মিথ্যা মামলার কারণে তাঁরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধের দাবি জানান।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাঁদের কাছে অনুরোধ, ঘটনাটি গণমাধ্যমে তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করুন, যাতে তাঁরা হয়রানি ও নির্যাতন থেকে মুক্তি পান।

সর্বশেষ সংবাদ