ঢাকা অফিস

রাজধানীর বাজারে ইলিশের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে। আর এক কেজি বা তার বেশি ওজনের ইলিশের দাম উঠেছে প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা। ফলে ইলিশ কেনার ইচ্ছা থাকলেও বাড়তি দামের কারণে অনেক ক্রেতাই তা কিনতে পারছেন না।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর উত্তর বাড্ডা ও মধ্য বাড্ডা কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে দেখা যায়, ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশ কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩৫০ টাকা। অন্যদিকে এক কেজি বা তার বেশি ওজনের একটি ইলিশের দাম পড়ছে ২ হাজার টাকারও বেশি।

ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ইলিশের বর্তমান দাম তাদের পারিবারিক বাজেটে বাড়তি চাপ তৈরি করছে। অনেকেই দাম শুনে মাছ না কিনেই বাজার থেকে ফিরে যাচ্ছেন। কেউ কেউ দাম কমার অপেক্ষায় রয়েছেন।

উত্তর বাড্ডা বাজারে ইলিশ কিনতে আসা রমজান আলী বলেন, ইলিশের দাম অনেক বেশি। ৮০০-৯০০ গ্রামের মাছও দেড় হাজার টাকা কেজি। একটি মাছ কিনতেই প্রায় ১ হাজার ৩০০ টাকা চলে যাচ্ছে। এই দামে নিয়মিত ইলিশ কেনা সম্ভব না।

মধ্য বাড্ডার ক্রেতা ইলিয়াস বলেন, এক কেজির ইলিশ ২ হাজার ২০০ টাকা কেজি। একটি মাছ কিনতে দুই হাজার টাকার বেশি লাগে। সংসারের অন্য খরচ আছে। তাই ইচ্ছা থাকলেও ইলিশ কিনতে পারছি না।

আরেক ক্রেতা মো. সাব্বির বলেন, ইলিশ বাঙালির পছন্দের মাছ। কিন্তু দাম যদি সাধারণ মানুষের নাগালের মধ্যে না থাকে, তাহলে মানুষ কীভাবে কিনবে? দাম কিছুটা কমলে হয়তো কিনতে পারতাম।

বিক্রেতাদের ভাষ্য, ইলিশের দাম বেড়ে যাওয়ায় বিক্রিতে প্রভাব পড়েছে। বাজারে ক্রেতারা মাছের দাম জানতে চাইলেও অনেকে দাম শুনে আর কিনছেন না। বড় মাছের পরিবর্তে তুলনামূলক ছোট ইলিশের দিকে ঝুঁকছেন কেউ কেউ।

মধ্য বাড্ডার বিক্রেতা হারু দাস বলেন, দাম বেশি হওয়ায় বিক্রি আগের মতো নেই। ক্রেতারা এসে দাম জিজ্ঞেস করছেন, এরপর অনেকে আর কিনছেন না। ৮০০-৯০০ গ্রামের মাছও দেড় হাজার টাকা কেজি হওয়ায় সাধারণ ক্রেতার জন্য চাপ হয়ে যাচ্ছে।

উত্তর বাড্ডার বিক্রেতা মো. মিজান বলেন, এক কেজির ওপরের ইলিশ ২ হাজার ২০০ টাকা কেজি। বড় মাছের দাম শুনে অনেকে ছোট মাছ খুঁজছেন।

এদিকে বাজারে দেশি ইলিশের পাশাপাশি ভারত থেকে আমদানি করা ইলিশও বিক্রি হচ্ছে। তবে কয়েকজন ক্রেতা জানিয়েছেন, ভারতীয় ইলিশের স্বাদ ও মান দেশি ইলিশের মতো মনে না হওয়ায় তারা তা কিনতে আগ্রহী নন। দেশি ইলিশ পছন্দ হলেও বেশি দামের কারণে সেটিও কেনা সম্ভব হচ্ছে না তাদের।

মাছ ক্রেতা মো. সিদ্দিকুর বলেন, দেশি ইলিশের স্বাদ ভালো। ভারত থেকে আসা ইলিশ খেয়ে তেমন ভালো লাগেনি। তাই দেশি ইলিশই নিতে চাই। কিন্তু দেশি ইলিশের দাম এত বেশি যে চাইলেও কেনা যাচ্ছে না।

ক্রেতাদের মতে, ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দামই যদি কেজিতে ১ হাজার ৫০০ টাকা হয় এবং এক কেজি বা তার বেশি ওজনের মাছ কিনতে কেজিপ্রতি ২ হাজার ২০০ টাকা গুনতে হয়, তাহলে নিম্ন ও মধ্য আয়ের পরিবারের জন্য নিয়মিত ইলিশ কেনা কঠিন।

সর্বশেষ সংবাদ