চট্টগ্রাম নগরীতে পবিত্র ঈদুল আযহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। ঈদ জামাতকে ঘিরে মাঠ প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

সোমবার (২৫ মে) বিকেলে সিটি কর্পোরেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানের সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, ঈদ জামাতের সব প্রস্তুতি আজকের মধ্যেই শেষ হবে এবং আগামীকাল মেয়র পরিদর্শনে যাবেন।

সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে আয়োজিত প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক।

অন্যদিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে জেলা স্টেডিয়াম জিমনেসিয়াম মাঠে।

এছাড়া সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরীর আরও ৯টি মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

মসজিদগুলো হলো— লালদীঘি সিটি করপোরেশন শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (রা.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকা (রা.) সিটি কর্পোরেশন জামে মসজিদ।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ