নিজস্ব প্রতিনিধি
বিশ্ব মেট্রোলজি দিবস উদ্যাপন উপলক্ষ্যে বিএসটিআই বিভাগীয় কার্যালয় চট্টগ্রাম’র উদ্যোগে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় “Metrology :Building Trust in Policy Making ” অর্থাৎ “নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি”।
এই আলোচনা সভায় সভাপতি করেন চট্টগ্রাম অফিস প্রধান বিএসটিআই’র উপ- পরিচালক মোঃ মোমেন উস সাজ্জাদ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দীন ও বিশেষ অতিথি ছিলেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসাইন।
প্রধান অতিথি ড. জিয়াউদ্দীন তাঁর বক্তব্যে বলেন, ওজন ও পরিমাপের বৈচিত্র্য দেশে বিভ্রান্তি ও প্রতারণা তৈরি করে, যা সৎ ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করছে। এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু বিএসটিআই’র একার প্রচেষ্টা যথেষ্ট নয়, ব্যবসায়ী, উৎপাদক ও ভোক্তা সবাইকে সচেতন হতে হবে। তিনি সবাইকে ওজনে কম না দিতে এবং সঠিক পণ্য বুঝে নিয়ে সমাজে ন্যায্যতার সংস্কৃতি গড়ার উদাত্ত আহ্বান জানান।
বিশেষ অতিথি কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসাইন বলেন বর্তমানের পণ্যের মূল্য বৃদ্ধি ও ভোক্তাদের ঠকানোর যে প্রতিযোগিতা চলছে তা রুখে দিতে বিএসটিআইসহ সরকারের অন্যান্য নিয়ন্ত্রক সংস্থা ও জেলা প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি বিএসটিআইকে ভ্রাম্যমাণ ক্যালিব্রেশন ভ্যান ব্যবহার করে বাজারে ওজন ও পরিমাপ যাচাইয়ের আহ্বান জানান।
সভাপতি তাঁর বক্তব্য বিশ্ব মেট্রোলজি দিবসের তাৎপর্য ও বিএসটিআই’র কার্যক্রম তুলে ধরেন। বিএসটিআই ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী মেট্রিক পদ্ধতি বাস্তবায়ন, ওজন ও পরিমাপক যন্ত্রপাতির ভেরিফিকেশন/ক্যালিব্রেশন এবং মোড়কজাত পণ্যের সঠিক ওজন নিশ্চিতকরণসহ বিভিন্ন দায়িত্ব পালন করছে। শিল্পায়ন ও রপ্তানি খাতের প্রবৃদ্ধির জন্য বিএসটিআই চট্টগ্রাম অফিস সম্প্রসারণ, আধুনিকীকরণ ও নতুন ল্যাব স্থাপনসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যা আন্তর্জাতিক মানের পরীক্ষণ ও ক্যালিব্রেশন সেবা নিশ্চিত করছে। চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ কাজে লাগিয়ে অনলাইনভিত্তিক QR Code, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার এবং সকলের সহযোগিতার মাধ্যমে বিএসটিআই দেশের উন্নয়নে অবদান রাখতে সচেষ্ট বলে সভায় ।
এই সভায় মুক্ত আলোচনা পর্বে বনফুল এন্ড কোং এর জিএম শাহ কামাল মোস্তফা, বিএসআরএম এর ব্যবস্থাপক (প্রশাসন) জামশেদুল ইসলাম চৌধুরী, আবুল খায়ের গ্রুপের ম্যানেজার জহির উদ্দিন মোঃ ইমরুল কায়েস, ট্রান্সকম বেভারেজ গ্রুপের কিউসি ম্যানেজার মোঃ সাইফুদ্দিন, আলওয়ান মধু জাদুঘর ও গবেষণা কেন্দ্রের উদ্যোক্তা সৈয়দ মুহাম্মদ মঈনুল আনোয়ার, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সাইট কোয়ালিটি প্রধান মোঃ শাকিল, খুলশী মার্টের হেড অব অ্যাডমিন মোস্তাফিজুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম এর সহকারী পরিচালক রানা দেবনাথ, চট্টগ্রাম ড্রিংকিং ওয়াটার ওনার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি ফয়সাল আবদুল্লাহ আদনান, যুব ক্যাবের সভাপতি আবু হানিফ নোমান ও ক্যাব চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস তাঁদের বক্তব্যে বিএসটিআই, চট্টগ্রাম-এর আধুনিকায়ন ও সেবার পরিসর বৃদ্ধির জন্য প্রচেষ্টার প্রশংসা করেন এবং মাঠ পর্যায়ে কার্যক্রম বৃদ্ধির জন্য পরামর্শ প্রদান করেন।
পরিশেষে ইব্রাহিম খলিল, উপ-পরিচালক (রসায়ন) উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।



