ঢাকা প্রতিনিধি
সম্প্রসারিত হচ্ছে মন্ত্রিসভা। নতুন করে আরও দু’জন সদস্য যুক্ত হচ্ছেন। এ দু’জন হলেন ইমরান আহমেদ ও ইন্দিরা ফজিলাতুন্নেসা।
শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
মন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে দেখা যেতে পার ফজিলাতুন নেসা ইন্দিরাকে। তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হতে পারে। এছাড়া প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের বর্তমান প্রতিমন্ত্রী ইমরান আহমদকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেয়া হতে পারে। তাছাড়া প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় আরো নতুন মুখ যুক্ত করতে পারেন কিংবা রদবদল করতে পারেন বলে জানা গেছে।
সচিবালয়ে ডিসি সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।



