নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাসারাওয়া প্রদেশে একটি গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কয়েকশ মানুষ। স্থানীয় সময় গতকাল সোমবার রাজ্যের উত্তরাঞ্চলে রাজধানীর আবুজার সঙ্গে সংযোগকারী লাফিয়া-মাকুর্দি সড়কের পাশে একটি পেট্রল স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজ্যের জরুরি ব্যবস্থাপনাবিষয়ক সংস্থার (এসইএমএ) ভারপ্রাপ্ত পরিচালক উসমান আহমেদ জানান, গ্যাস নির্গমন করার সময় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। ঘটনাটির তদন্ত চলছে বলেও জানান তিনি।তিনি বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি ৩৫ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণের পর কী ঘটেছে, তা দেখতে ঘটনাস্থলে ছুটে গেলে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটে।’গত জুনে নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে একটি পেট্রল ট্যাঙ্কারে আগুন ধরে গেলে কমপক্ষে ৯ জন নিহত হয়। ওই সময় আরও ৫৩টি গাড়িও পুড়ে গিয়েছিল।



