ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আজ ভোরে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবারের (১৫ আগস্ট) এ ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত পাঁচজন নিহতের খবর জানা গেছে। এছাড়া এ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনযায়ী, পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের গভর্নর ইমানুয়েল মেলকিয়াডেস লাকা লেনা এক সংবাদ সম্মেলনে জানান, ঘুমন্ত অবস্থায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ৪টা ৫৮ মিনিটে (জিএমটি রাত ৯টা ৫৮ মিনিট) আঘাত হানে। উৎপত্তি স্থল ছিল মাটির ১৫ কিলোমিটার গভীরে। এরপর বেশ কয়েকটি পরাঘাত অনুভূত হয়।

রাজধানী জাকার্তায় এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র বার্টন সুয়ার পেলিতা পাঞ্জাইতান বলেন, এ মুহূর্তে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের একজন পুরুষ ও একজন নারী।

আরও তথ্য নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে হতাহতের চূড়ান্ত সংখ্যা ও ভূমিকম্পে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানানো হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

ভূমিকম্প আঘাত হানার পর ফ্লোরেস দ্বীপের বেশ কয়েকটি এলাকায় তিন ফুট উচ্চতার সুনামি আঘাত হানে। উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়। বহু মানুষ আতঙ্কে উঁচু এলাকায় সরে যায়। তবে পরে সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা। সবটুকু জানতে ক্লিক করুন

শেয়ার করুনঃ