দেশের উত্তরে কমতে শুরু করেছে তাপমাত্রা। পৌষের তৃতীয় সপ্তাহে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ৪৮ ঘণ্টার মধ্যে রাতের তাপমাত্রা কমতে পারে এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও শৈত্যপ্রবাহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস; এসময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ময়মনসিংহে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিন কক্সবাজারে ১৯ মিলিমিটার, কুতুবদিয়ায় ১ মিলিমিটার ও টেকনাফে ৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

জানুয়ারির পূর্বাভাসের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, এ মাসে দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) বা তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্য প্রবাহ এবং অন্যত্র ২-৩টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি  শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

তবে সার্বিকভাবে এ মাসের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

জানুয়ারি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

মঙ্গলবারের পূর্বাভাসের বিষয়ে বলা হয়েছে- চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং সিলেট, বরিশাল ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ