ফরিদ উদ্দিন, লামা প্রতিনিধি
লামা উপজেলায় দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে দু:স্থ ও অসহায় ৫ শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও বাঙ্গালীদের মাঝে এ চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ দেয়া হয়। আলীকদম সেনাবাহিনীর জোন কমান্ডার লে. কর্ণেল মোহাম্মদ মাহবুবুর রহমান (পিএসসি) ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামানসহ পরিষদের সকল সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর ক্যাপটেন ডা. আসিফুর রহমান ও ক্যাপটেন ডা. নিগার সুলতানার নেতৃত্বে সদস্যরা চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন।
চিকিৎসা সেবা নিতে যাওয়া বালুচরপাড়ার বাসিন্দা মো: মাইন উদ্দিন (৪৫), রুপসিপাড়া বাজারের আবুল কাদের (৬০) দরদরী মার্মা পাড়ার মংব্রাচিং মার্মা (৬)পোয়াংচিংউ (৭০) মুরুংঝিরির বাসিন্দা এবং লাচ্ছাইপাড়ার মাকিউচিং (৩৪) জানায়, তাঁরা সেনাবাহিনীর কাছ থেকে ফ্রি ব্যবস্থাপত্র ও ভালোমানের ঔষধ পেয়েছেন। এ জন্য তারা খুবই খুশি। এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা বলেন, ইউনিয়নের দূর্গম এলাকার অনেক দরিদ্র নারী-শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ ফ্রি চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হয়েছেন।



