আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলার গুরুত্বপূর্ণ কৈখাইন-চামুদরিয়া শাহ্ আলী রজা (রহঃ) সড়ক এখন জনদুর্ভোগের আরেক নাম। দীর্ঘদিন গাছের ডালপালা ছাঁটাই না করায় সড়কের দুই পাশজুড়ে ডাল ছড়িয়ে পড়ে রাস্তা যেন এক একটি ঝোপঝাড়ে পরিণত হয়েছে। এতে স্বাভাবিক যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি সড়কটি হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ ও দুর্ঘটনাপ্রবণ।

স্থানীয়দের অভিযোগ, নিচের দিকে ঝুলে পড়া ডালগুলো হালকা বাতাসেই অনেক সময় ভেঙে রাস্তায় পড়ে যায়, যার ফলে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। বিশেষ করে অটোরিকশা ও সিএনজি চালিত যানবাহন চলাচলের সময় যাত্রীদের গায়ে এসে লাগছে এসব ডালপালা। সন্ধ্যার পর ঝুলন্ত ডাল আরও বিপজ্জনক হয়ে ওঠে।

প্রতিদিন এই সড়ক দিয়ে প্রায় ১০ হাজার মানুষ যাতায়াত করেন। স্কুল-কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ পথচারী—সবাইকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। জননিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দ্রুত গাছের ডালপালা ছাঁটাই ও সড়ক নিরাপদ করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হবে।”

এলাকাবাসী ও সচেতন মহল বলছেন, দ্রুত পদক্ষেপ না নিলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই সড়কটিকে ঝুঁকিমুক্ত রাখতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ