নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরের সাবেক আমির শাহজাহান চৌধুরী বলেছেন, ‘আগামী নির্বাচনে জনগণ দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায়।
বৃহস্পতিবার ২৬ জুন চট্টগ্রাম-১১ আসনে জামায়াতে ইসলামীর থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের অংশগ্রহণে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রামের বন্দর এলাকার রেশমি কনভেনশন হলে অনুষ্ঠিত এই সমাবেশে শাহজাহান চৌধুরী বলেন, ‘আগামী নির্বাচনে জামায়াতের বিজয় শুধু রাজনীতির বিষয় নয়, এটি দাওয়াত ও ইসলামী আন্দোলনের অংশ। দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করে আমাদের আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
তিনি আরও বলেন, ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছে। কিন্তু ১৯৭১ সালের পরও জনগণ সত্যিকার মুক্তি পায়নি। ১৯৯১ সালে জামায়াতের ১৮টি আসন পাওয়ার পর থেকেই ষড়যন্ত্র শুরু হয়। ২০০১ সালে জনগণের রায় ছিল আমাদের পক্ষে, কিন্তু ২০০৮ সালে দেশ আবার দিশা হারায়।’ তিনি দাবি করেন, ২০২৪ সালের ৩৬ জুলাই গণবিপ্লব না হলে আজ এই কথা বলার সুযোগ থাকতো না। ‘তাই বিপ্লবের চেতনা আমাদের লালন করতে হবে’— উল্লেখ করেন তিনি।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম বন্দরে অনুৎপাদনশীল খাতে অর্থ ব্যয় করে একটি মাফিয়া চক্র দুর্নীতির মাধ্যমে টাকা পাচার করেছে। এই সরকার খুন, গুম, অপহরণ ও লুটপাটের মাধ্যমে দেশকে ধ্বংস করেছে। জনগণ আর এভাবে দেশ চলতে দিতে চায় না।’ সমাবেশে চট্টগ্রাম-১১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী সমাজসেবক শফিউল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, ছাত্রশিবির নেতা মুহাম্মদ ইব্রাহীম হোসেন রনি, থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলরা বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে মোহাম্মদ উল্লাহ বলেন, ‘জামায়াত সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত ইনসাফভিত্তিক সমাজ গড়তে চায়। ইসলামী মূল্যবোধসম্পন্ন সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বই পারে দেশের নেতৃত্ব নিতে।’ সমাবেশ শেষে ইসলামী সংগীত পরিবেশন করেন জামায়াত নেতা ওসমান গনি ও ছাত্রশিবিরের জাহেদুল আলম জয়।



