কোটা আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। আন্দোলনকারীদের সঙ্গে শাসক দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের সংঘর্ষ  অব্যাহত। এই অবস্থায় সব পক্ষকে শান্তির বার্তা দিলেন দুই বাংলায় জনপ্রিয় সঙ্গীতশিল্পী কবীর সুমন। দীর্ঘ ফেসবুক পোস্টে সুমন লিখেছেন, “আমি ভারতের নাগরিক। বাংলাদেশ আমাদের প্রতিবেশী। তার বিষয় আসয়ে নাক গলানোর অধিকার আমার নেই। সেটা করতে চাইও না। তবু বাংলাদেশের অনেকের কাছ থেকে যে ভালবাসা আমি পেয়েছি তা ভুলে থাকতেও পারছি না।” আরও লেখেন, “বাংলাদেশের বর্তমান অবস্থায় চুপ করে বসে থাকতে পারি না।থেকেছি কয়েক দিন। আর পারছি না।

কিন্তু অবস্থাটা যে ঠিক কী, কী কী কারণে যে এমন হল এবং হচ্ছে, কারা যে এতে জড়িত তাও তো ঠিকমতো জানি না। তাও পঁচাত্তর উত্তীর্ণ এই বাংলাভাষী করজোড়ে সব পক্ষকে মিনতি করছি: অনুগ্রহ করে হিংসা হানাহানি বন্ধ করুন। ঢাকা সরকারকে অনুরোধ করছি: বাংলা ভাষার কসম শান্তি রক্ষার চেষ্টা অব্যাহত রাখুন। আপনাদের ছাত্রবাহিনী যেন হিংসার আশ্রয় না নেন।” ফেসবুক পোস্টের শেষ অংশে তিনি লেখেন—“হানাহানি বন্ধ হোক। বন্ধ হোক উল্টো পালটা কথা বলে দেওয়া। বাঁচুক বাংলাদেশ। বাঁচুন বাংলাদেশের সকলে। জয় বাংলাদেশ। জয় মুক্তিযুদ্ধ। জয় অসংখ্য বাংলাদেশীর শাহাদাত ও অপূরণীয় ক্ষতিস্বীকার। জয় বীরাঙ্গনারা। জয় বাংলা ভাষা!”  বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে একটি পদ্যও পোস্ট করেছেন বাংলা গানের মোড় ঘোরানো গীতিকার, সুরকার, গায়ক। যার শুরুতেই প্রশ্ন তোলেন–“বিরোধী হলেই রাজাকার! বলে দাও তবে দেশটা কার, দেশটা কার দেশটা কার!”

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ