ঈদ উপলক্ষে গত কয়েকদিন থেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। আজ ঈদ উপলক্ষে শেষ কর্মদিবস।কাল রবিবার থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। ফলে অনেকে অফিসে হাজিরা দিয়েই ছুটে চলেছেন বাড়ির উদ্দেশে। তারই নমুনা দেখা মিলল রাজধানীর সদরঘাটের লঞ্চ টার্মিনালে।
ব্যস্ত নগরবাসী কর্মব্যস্ততাকে পিছনে ফেলে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামমুখী হচ্ছেন হাজারও মানুষ। শেষ সময়ে সড়ক, রেল ও নৌপথে বেড়েছে ভিড়। দেশের দক্ষিণাঞ্চলের যাত্রীরা স্বাছন্দ বোধ করেন নৌপথে। সদরঘাটে গত কয়েক দিনের তুলনায় শনিবার যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
শনিবার সকালে সদরঘাট ঘুরে দেখা যায়, ভোর থেকেই ঘরমুখো যাত্রীদের নিয়ে ছেড়ে যাচ্ছে লঞ্চ। লঞ্চে যাত্রীদের ভিড় লক্ষ্যণীয়। যাত্রীদের অতিরিক্ত চাপ থাকায় নির্ধারিত সময়ের আগেই ছেড়ে যাচ্ছে লঞ্চ। পাশাপাশি একই গন্তব্যের জন্য একাধিক লঞ্চ নোঙর করা রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, টার্মিনালে ভিড় বেশি হলেও লঞ্চে যাত্রীদের উঠানোর জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। ফলে কোনো সমস্যা হচ্ছে না। সকাল থেকেই যাত্রীরা লঞ্চে উঠছেন। এ ছাড়া দুপুরের পর আরও ভিড় বাড়তে পারে। কারণ, আজ দুপুরের পরে গার্মেন্টস ছুটিসহ অনেক বেসরকারি প্রতিষ্ঠানও ছুটি হবে।
ঢাকা নদীবন্দরে নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক জয়নুল আবেদিন বলেন, আমরা সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত রয়েছি। যাত্রীর সংখ্যা গত কয়েকদিনের তুলনায় আজ অনেক বেশি। এবারে ৪১টি নৌরুটে ২০৬টি লঞ্চ চলাচল করবে।
শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ