আদালতে এসে আত্মসমর্পণ করতে হাইকোর্ট থেকে সময় পেয়েছেন তিন মামলার আসামি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরে এসে কোনো প্রকার হয়রানি ছাড়া যাতে নির্বিঘ্নে আদালতে এসে আত্মসমর্পণ করতে পারেন সেজন্য আগামী ৭ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে তাকে। ওই সময়ের মধ্যে তাকে গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশও দিয়েছেন হাইকোর্ট।
সোমবার ড. ইউনূসের ভাই ড. মুহাম্মদ ইব্রাহিমের করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ড. ইউনূসের ভাই মুহাম্মদ ইব্রাহিম রিট আবেদন করলে হাইকোর্টের আরেকটি বেঞ্চ ২৪ অক্টোবর পর্যন্ত ড. ইউনূসকে গ্রেফতার না করতে নির্দেশ দিয়েছিলেন।
গত ৯ অক্টোবর তিন মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রহিবুল ইসলাম। ড. ইউনূসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিকেশন্সের চাকরিচ্যুত সাবেক তিন কর্মচারীর করা পৃথক তিন মামলায় এ পরোয়ানা জারি করা হয়। ওই দিন তিন মামলায় সমনের জবাব দেওয়ার জন্য দিন ধার্য ছিল। কিন্তু ড. ইউনূস আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
মামলার অপর দুই আসামি হলেন- প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা ও উপ-মহাব্যবস্থাপক খন্দকার আবু আবেদীন।
প্রসঙ্গেত, গত ৩ জুলাই ঢাকার তৃতীয় শ্রম আদালতে ড. মুহাম্মদ ইউনূসসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন গ্রামীণ কমিউনিকেশন্সের সদ্য চাকরিচ্যুত সাবেক তিন কর্মচারী। আদালত ৮ অক্টোবর তাদের হাজির হওয়ার জন্য সমন জারি করেন।



