২৪ পিস সোনার বারসহ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফান রঙ্গুই নামে চীনের এক নাগরিকে আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা।
বুধবার (৮ মে) সকালে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয় জানিয়ে চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার নুরউদ্দিন মিলন বলেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-১৪৮) চীনের এই নাগরিক দুবাই থেকে চট্টগ্রামে আসেন।
সকাল ৭টা ১০ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। ওই যাত্রীর লাগেজ স্ক্যানিংয়ের সময় তাতে সন্দেহজনক বস্তুর উপস্থিতি পাওয়া যায়। পরে সেটি খুলে তল্লাশি করা হয়। এক পর্যায়ে লাইট ভেঙে ২৪ পিস স্বর্ণের বার পাওয়া যায়। ওজন প্রায় ২৪০ তোলা বা ২ কেজি ৮০০ গ্রাম।
এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান উপ-কমিশনার।



