এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ৬ মে, সোমবার। গত কয়েক বছর ধরে পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে।
সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছাত্র ১০ লাখ ৭০ হাজার ৪৪১ এবং ছাত্রী ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন।
সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আগামী ৯ মে পরীক্ষা শেষের ৬০তম দিন পূর্ণ হবে। এবার তার তিন দিন আগেই ফল প্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সরকারি মাধ্যমিক) নাজমুল হক খান।


