বাণিজ্যিক ব্যাংকের পরিচালকদের টানা নয় বছরের দায়িত্ব পালনের সুযোগ দিয়ে সংশোধিত ব্যাংক কোম্পানি আইন-২০১৭ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। সংসদে এ আইন পাস হলে একটি ব্যাংকে এক পরিবারের চারজন একইসঙ্গে পরিচালক থাকার সুযোগ পাবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, বর্তমানে বাণিজ্যিক ব্যাংকের পরিচালকরা তিন বছর করে দুই মেয়াদে টানা ছয় বছর পরিচালক থাকতে পারেন। দুই মেয়াদ শেষে তিন বছর বিরতি দিয়ে আবারও তিন বছরের জন্য পরিচালক হতে পারেন। একই সঙ্গে তিনি জানান, আইন সংশোধন হলে তিনবছর করে একটানা তিন মেয়াদে টানা নয় বছর তারা পরিচালক থাকতে পারবেন। নয় বছর মেয়াদ শেষে তিন বছর বিরতি দিয়ে পুনঃ নিয়োগের সুযোগ পাবেন।



