কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ আলতাব হোসেন (৪০) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন।আজ সোমবার ভোরে উপজেলার পিপুলবাড়িয়া-কাতলামারী সড়কের পাশে এ ঘটনা ঘটে।
আলতাবের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাইসহ ৮টি মামলা রয়েছে। তিনি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মোশারোফ হোসেনের ছেলে।
জানা গেছে , সন্ত্রাসীরা গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে ডিবি ও দৌলতপুর থানা পুলিশ পিপুলবাড়িয়া-কাতলামারী সড়কের পাশে ফাঁকা মাঠে যৌথ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে আলতাব ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পিস্তল, ৬ রাউন্ড গুলি ও রামদা উদ্ধার করেছে পুলিশ।



