ইংরেজি নববর্ষ উপলক্ষে গণমাধ্যমে দেশবাসীর উদ্দেশে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার দলটির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বাণীতে তিনি ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশ-বিদেশের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তারেক রহমান বলেন, ‘অতীতকে পিছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে খৃষ্টীয় নববর্ষ নতুন বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত। পুরনো বছরের ব্যর্থতা, গ্লানি, হতাশাকে ঝেড়ে ফেলে নবউদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় নববর্ষ। নতুনকে বরণ করা মানুষের সহজাত প্রবণতা। নতুন বছরে আমরা দেশের সামগ্রিক রুপান্তরের একটি পর্বে উপনীত হতে পারবো বলে আশা রাখি। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসুন আমরা রাষ্ট্র ও সমাজে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে একযোগে কাজ করি। আমরা এমন একটি জাতি নির্মাণের প্রত্যাশা করছি, যেখানে প্রত্যেকটি নাগরিকই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের কন্ঠ স্বাধীন থাকবে।’



