জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগ সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সপ্তাহে একদিন স্কুলশিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘সপ্তাহে একদিন বিনামূল্যে স্কুলের শিক্ষার্থীদের জন্য জুলাই স্মৃতি জাদুঘরে প্রবেশের ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে জাতীয় জাদুঘরসহ অন্যান্য জাদুঘরেও ফ্রিতে প্রবেশের ব্যবস্থা করা হবে।’
জাহেদ উর রহমান বলেন, ‘জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন নিয়ে নানা কথা হয়েছিল। শেষ পর্যন্ত সেসব কথা ভুল প্রমাণিত করে জাদুঘরটি চালু হয়েছে। উদ্বোধনের পরপরই জাদুঘরের ব্যবস্থাপনায় কিছুটা অসুবিধা দেখা দিয়েছিল। তবে বর্তমানে সেই সমস্যাগুলো সমাধান করা হয়েছে।’



