নড়াইল প্রতিনিধি
নড়াইলের দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজোয়ানকে (২৬) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দিঘলিয়ার নবগঙ্গা ডিগ্রি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেজোয়ান দিঘলিয়া গ্রামের মৃত সাইফুল ইসলাম শেখের ছেলে।
পুলিশ ও নিহত রেজোয়ানের স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেজোয়ান দিঘলিয়া বাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এসময় দিঘলিয়া বাজারের পশ্চিমে নবগঙ্গা ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা প্রতিপক্ষের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে শেখ জহিরুল ইসলাম রেজোয়ানকে কুপিয়ে জখম করে। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে রেজোয়ানের বাম পা, বাম হাত ও মাথায় কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে রেজোয়ানকে লোহাগড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক হওয়ায় নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেন। নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক বিভাষ শর্মা বলেন, রোগী হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


