গাজীপুর জেলা প্রতিনিধি 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে বিএনপিকে সরিয়ে রাখার খায়েশ আওয়ামী লীগের নেই।

১০ মার্চ শনিবার সকালে গাজীপুরের চন্দ্রা ত্রি-মোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফোর লেনের উন্নয়ন কাজ পরিদর্শনে এসে তিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘‘বিএনপির আন্দোলনের পাঠ চুকে গেছে। আমি তাদের পরামর্শ দেব- নির্বাচনের জন্য প্রস্তুত হতে। নির্বাচন থেকে তাদের সরিয়ে রাখার খায়েশ আওয়ামী লীগের নেই, আমাদের সরকারের নেই। তারা নির্বাচন করবে।’’

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আন্দোলন করে বিএনপি চেয়ারপারসনকে কারাগার থেকে বের করবেন. সেই বাস্তবতা এখন বাংলাদেশে নেই। এটা বিএনপিকে বুঝতে হবে। তারা বেগম জিয়ার গ্রেফতারের পর ভেবেছিল বাংলাদেশ উত্তাল হবে। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। তারা যদি মনে করে আন্দোলন করে খালেদা জিয়াকে বের করবেন, সেই আশার গুড়েবালি।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফোর লেনের উন্নীতকরণ কাজ প্রসঙ্গে মন্ত্রী বলেন, রমজানের ঈদের আগে ৫০ কিলোমিটার ফোর লেন এখানে দৃশ্যমান পাবেন। ঈদের আগে-পরে অসহনীয় যানজট থাকবে না।

এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় প্রকৌশলী সুবজ উদ্দিন খান, প্রকল্প পরিচালক মোঃ ইসহাকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ