আশুলিয়ায় বাইপাই এলাকায় সিলিন্ডার বিস্ফোরণে এক নারী হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তবে নিহত ওই নারীর পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছে একই হোটেলের আরও দুজন কর্মচারী।

‌শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার মা হোটেল অ্যান্ড রেস্টরেন্টে নামে একটি খাবার হোটেলে এ দুর্ঘটনা ঘটে। হোটেল মালিক জাহেদুল ইসলাম বলেন, গতকাল ওই নারীকে তার হোটেলে কাজ করার জন্য নিয়ে আসেন বাবুর্চি বাবু। এরপর আজ রাতে হোটেলের রান্না ঘরে সিলিন্ডারের আগুনে তরকারি গরম করার কাজ করছিলেন তিনি। এসময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হলে রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার ওই নারী কর্মচারীর মৃত্যু হয়।

দৌড়ে পালাতে গিয়ে সামান্য আহত হয়েছে দুজন কর্মচারী। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে। আর আহত দুজনকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। তবে নিহত ঐ নারী হোটেলে নতুন কাজ নেওওয়ায় তার নাম পরিচয় জানাতে পারেননি হোটেল মালিক।

‌ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হামিদ ‌ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১২ টার দিকে স্থানীয়দের খবরে বাইপাইল এলাকার ওই হোটেলে অগ্নিকাণ্ডের খবর পান তিনি। পরে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলে এক নারীর মরদেহ হোটেলের রান্নাঘর থেকে উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, নিহতের স্বজনদের খবর পাঠানো হয়েছে। তারা আসলেই নিহতের পরিচয় জানা যাবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ